প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১২:২১ AM আপডেট: ০৮.০৪.২০২৫ ১২:২৫ এএম

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করা হয়েছে।
আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ পূর্বনির্ধারিত এ কনসার্ট সাময়িক স্থগিতের কথা জানিয়েছে।
আগামী শুক্রবার (১১ এপ্রিল) এ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে সোমবার ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কনসার্টটি এক দিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ রাতে এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততধিক অমানবিক। এমন প্রেক্ষাপটে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার শহরে পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে পরের দিন শনিবার সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত আজ সোমবার রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
স্বদেশ প্রতিদিন/এনআর