প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৮ AM আপডেট: ০৭.০৪.২০২৫ ১২:৪১ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর আজ সোমবার (০৭ এপ্রিল) এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। ট্রাম্পের শুল্ক নীতি এশিয়ার বাজারগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছে, যার ফলে বেশ কিছু দেশের শেয়ারবাজারে সূচক উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিন জাপানের নিক্কি ২২৫ সূচক ৬ দশমিক ৩ শতাংশ পতন হয়েছে, একইভাবে হংকংয়ের হ্যাং সেং সূচক ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। এছাড়া, হংকংয়ের শেয়ারবাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের শেয়ারদামেরও পতন হয়েছে। তাইওয়ান এবং সিঙ্গাপুরের শেয়ারবাজারও বিপর্যস্ত হয়ে পড়েছে, যেখানে তাইওয়ানের শেয়ারবাজার ১০ শতাংশ এবং সিঙ্গাপুরের বাজার ৮ দশমিক ৫ শতাংশ কমেছে।
বিশ্ববাজারেও তেলের দাম কমেছে। ডব্লিউটিআই ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে নেমে এসেছে, আর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৩ ডলারে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও শেয়ারবাজারের সূচক পড়েছে এবং ফিউচার্স সূচকেও বড় দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, ৯ এপ্রিল মধ্যরাত থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করেছেন। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সাথে যে ৬০টি দেশ খারাপ বাণিজ্য আচরণ করেছে, তাদের ওপর পৃথকভাবে শুল্ক আরোপ করা হয়েছে, এবং এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশের ওপর মার্কিন শুল্কের পরিমাণও বাড়ানো হয়েছে, যার ফলে বিভিন্ন খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সূত্র রয়টার্স
স্বদেশ প্রতিদিন/এমএম