প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:৪০ AM

আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামেন লিওনেল মেসি, এবং দর্শকদের জন্য উপহার দেন এক দারুণ গোল। টরন্টো এফসির বিপক্ষে খেলতে নেমে মেসি ইন্টার মায়ামিকে পিছিয়ে থাকা অবস্থায় সমতা এনে দেন। তার গোলটি ম্যাচটিতে ১-১ করে দেয় এবং মায়ামি শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে দু'টি গোলই আসে যোগ করা সময়ে। প্রথমে ২ মিনিটে টরন্টোর ফেদেরিকো বের্নারদেস্কি মায়ামির তিন খেলোয়াড়ের মধ্য থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। কিন্তু মেসি ছিলেন চুপ করে বসে থাকতে জানেন না। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মায়ামি সমতা ফেরায়। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ে থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠিয়ে ১-১ করেন আর্জেন্টাইন মহাতারকা।
এটি ছিল মেসির এমএলএসে চতুর্থ ম্যাচে তৃতীয় গোল। ২০২৩ সালে মায়ামি যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতায় তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৬টি। মেসির এই গোলের ফলে মায়ামি এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয় নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে টরন্টো, যারা এখনো জয় পায়নি, ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে।
এবার ইন্টার মায়ামির সামনে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হেরেছিল মায়ামি। সুতরাং, তাদের পরবর্তী ম্যাচে দারুণ একটা জয় চাইতেই হবে।
মেসির গোলের আনন্দে মায়ামি সমতার মুখ দেখলেও, এবার তারা কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের স্বপ্ন বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে।
স্বদেশ প্রতিদিন/এমএম