প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৮:০৩ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রোববার জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি জানান, দেশে একটি ‘সেন্ট্রাল স্পোর্টস ভিলেজ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। চীনের মডেল অনুসরণ করে প্রাথমিকভাবে সে দেশের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত সরকার আর্থিক সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।
আসিফ মাহমুদ বলেন, আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব স্থাপন করতে যাচ্ছি। মন্ত্রণালয় এখন বিস্তারিত পরিকল্পনা করছে এবং আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করছে। আশা করছি আগামী অর্থবছর থেকেই কাজ শুরু করতে পারব।
তিনি আরও জানান, ক্রিকেট ও শুটিং ছাড়া দেশের প্রায় সব ফেডারেশনই জাতীয় স্টেডিয়াম এলাকায় অবস্থিত হলেও অনেকেরই নিজস্ব কার্যালয় বা ভেন্যু নেই। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা বেদখল হয়ে গিয়েছিল, আমরা তার দালিলিক জটিলতা নিরসন করেছি। এখন ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর কার্যালয় কিংবা খেলা আয়োজনের ব্যবস্থা করার জন্য সে জায়গা ব্যবহারের পরিকল্পনা করছি।
স্বদেশ প্রতিদিন/এনআর