প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২:২২ পিএম

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর। একদিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম।
ইদের ছুটি শেষে শিক্ষার্থীরা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে শুরু করেছে। নির্বিঘ্নে তাদের ক্যাম্পাসে আগমন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
৬ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর হলো: ০১৭৬৫৩৩৩৯৫৮। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় এ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে প্রশাসন।
এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। গার্ডের পাশাপাশি দায়িত্ব পালন করছেন আনসার ও পুলিশের সদস্যরাও।
স্বদেশ প্রতিদিন/কেএইচ