প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১:১০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে রাজধানীতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য স্থান পায়।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন। মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি-মুঘল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর