প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:১২ পিএম

বকেয়া বেতনের দাবিতে সচিবালয় অভিমুখে যাওয়া শ্রমিকদের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ৪০ জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের লিংক রোডের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্ট শ্রমিকরা। সোমবার তারা নয়াপল্টনের সামনে সড়ক অবরোধ করলেও আজ তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান। বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যান। পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে নিলে আবারও পুলিশ তাদের বাধা দেয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন।
শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সচিবালয় সড়কে ঢুকতে চাইলে নিয়ম অনুযায়ী শ্রমিকদের বাধা দেওয়া হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, পুলিশের ব্যারিকেড থেকে দূরে থাকতেই শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি, পরে তারা যে যার মতো চলে গেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর