প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:১০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শুক্রবার (২১ মার্চ) ভোরে ফজরের নামাজের পর থেকেই তারা এ কর্মসূচি শুরু করেন, যা ইফতার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক পোস্টকে কেন্দ্র করে এ কর্মসূচি শুরু হয়। ওই পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে এবং এতে দেশ-বিদেশের বিভিন্ন চক্র জড়িত রয়েছে। এর প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, "জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তারা গণহত্যা চালিয়েছে। অথচ এখনো কোনো অনুশোচনা নেই, বরং তাদের সমর্থকরা দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর একটি পক্ষ এবং দেশীয় কিছু মহল তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমনকি ভারতসহ বিদেশি শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ করা জরুরি।"
তিনি আরও বলেন, "আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দায়িত্ববোধ থেকেই এই অবস্থান কর্মসূচি পালন করছি এবং এটি চলবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, রমজানে রোজা রেখে তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর