প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩:৩০ পিএম

প্রকাশ্যে ধর্ষকের শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।
সমাবেশে বক্তারা বলেন, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। ধর্ষকের প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে।
এসময় বিক্ষোভ মিছিলে তাদেরকে ‘ ফাঁসি দে ফাঁসি দে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ ধর্ষকের জায়গা, বাংলাদেশে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভ মিছিলকে ঘিরে পল্টন ও বায়তুল মোকাররমের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর