মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফরিদপুরে সাড়ে ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা      ● যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত      ● ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ      ● ককটেল বিস্ফোরণ মামলার আসামি চলাফেরায় অক্ষম, দাবি স্ত্রীর      ● যশোরে ছয় হাজার কৃষকের মাঝে শর্ষের প্রণোদনা বিতরণ      ● গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে: জাহেদ      ● জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন      ● টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী      ● কোম্পানীগঞ্জে সাংবাদিক সংস্থার কমিটি গঠন      ● চিপ প্রযুক্তিতে ২৪ মিলিয়ন ডলার পেল ভারতীয় স্টার্টআপ      ● বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অংশ কত      
জবি ক্যারিয়ার ক্লাবের চাকরি মেলা, ৩৫ প্রতিষ্ঠানে দু'শতাধিক চাকরির সুযোগ
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় চাকরি মেলা ‘ন্যাশনাল জব জাংশন-২০২৫’। এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ৩৫টি প্রতিষ্ঠান প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন পদে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ প্রদান করেছে। মেলায় অংশগ্রহণ করেছেন শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম মেলার উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন। মেলার দ্বিতীয় দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা ৩৫টি শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ লাভ করেছেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে অন-স্পট ইন্টারভিউও প্রদান করেন।

এতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রাণ, মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ইস্পাহানি লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ডাবর, ইউনাইটেড ফাইনেন্স, এনপোলি, রেডমি, ক্রিয়েটিভ আইটি, অইডিসি পিএলসি, ইশিখনসহ বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম এবং কনসাল্টেন্সি প্রতিষ্ঠান।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “জবি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন একটি বৃহৎ প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই ধরনের চাকরি মেলা আমাদের জন্য অত্যন্ত উপকারী। ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ পাওয়া আমাদের জন্য এক অমূল্য সুযোগ।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "এ ধরনের প্রোগ্রাম প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।"

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, “এই ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ প্রোগ্রামটি নবীন স্নাতক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে। আমরা চেষ্টা করবো, প্রতি বছর এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করার, যাতে নবীন স্নাতক ও তরুণ পেশাদারদের চাকরি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়।”

মেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো যুমনা টেলিভিশন, ডিবিসি নিউজ, দৈনিক ইত্তেফাক, ডেইলি সান, জাগো নিউজ, দি বাংলাদেশ টুডে, ঢাকা মেইল এবং দি ডেইলি ক্যাম্পাস। রেডিও পার্টনার ছিলো ৯৬.৬ স্পাইস এফএম, ফটোগ্রাফি পার্টনার ছিলো চিত্রবাজি এবং ক্যাম্পাস মিডিয়া পার্টনার ছিলো জেএনইউ আনকাট।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেলার প্রথম দিনেই ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশনের সেমিনার অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এই ধরনের চাকরি মেলা শিক্ষার্থীদের ভবিষ্যতের চাকরি অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close