প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৩ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে কৃষক মনির মিয়া হত্যার ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। আদালতে ১৩ আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মজিবুর রহমান (৬৫), তার ভাই হাবিবুর রহমান (৬৩), মজিবুরের তিন ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১), আমিনুল (৩৭), ভাতিজা রাশিদ (৫৫), হাবিবুর রহমানের তিন ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯), রানা (২৫), মৃত রহমানের ছেলে ফাইজুল (৫০), তার ছেলে মনির (২৯), মৃত হাবিল মিয়ার ছেলে শাহীন (৪০), এবং ছয়ব আলীর ছেলে হাদিস মিয়া (৫০)।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মনির মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই ও আত্মীয়স্বজনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হত। ২০২০ সালের ১০ এপ্রিল, বিকাল ৪টার দিকে আসামিরা মনিরসহ তার আরও দুজন সহযোগীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজনই আহত হন, তবে মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়।
মনিরের ছোট ভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, চার্জশিটে যাদের নাম ছিল, তাদের সবাইকে দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর