প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৯ AM

২০১৯ সালে প্রণীত নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইন কার্যকর করতে ব্যাপক বাধার মুখোমুখি হতে হয়েছিল জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (মূসক) রেজাউল হাসান বলেছেন, ভ্যাটের রেট ব্যবসাবান্ধব হতে হবে যাতে করদাতারা আরও উৎসাহিত হন। তিনি বলেন, বর্তমানে ভ্যাট এবং ট্যাক্স দেওয়ার প্রতি মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে তবে যে পর্যায়ে যাওয়ার কথা ছিল তা এখনো অর্জিত হয়নি।
রেজাউল হাসান বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স হলে 'ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়' শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০১৯ সালে যখন নতুন ভ্যাট আইন প্রণীত হয় তখন এর ডিজিটালাইজেশন উদ্দেশ্য ছিল ব্যবসা প্রক্রিয়াকে আরও সহজ এবং স্বচ্ছ করা। তবে এই আইনের বাস্তবায়নে সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অনেক বাধা ছিল।
সাবেক এনবিআর সদস্য বলেন, "এনবিআরের ওপর দোষ চাপানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ব্যবসায়ীদের সঠিক তথ্য দিতে হবে যা এনবিআরকে সহায়তা করবে। ডিজিটালাইজেশন প্রয়োজন তবে ব্যবসায়ীরা এ ব্যাপারে সেভাবে দাবি তোলেননি।"
তিনি কর ফাঁকি রোধের জন্য কর অব্যাহতির সুযোগ বন্ধ করতে এবং এনবিআরকে আরও ডিজিটাল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ব্যবসায়ী সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপরও জোর দেন।
রেজাউল হাসান আরও বলেন, সরকার বাধ্য হয়ে মূসক ও শুল্ক বাড়িয়েছে কিন্তু এতে সরকারের কোষাগারে পর্যাপ্ত টাকা থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। "কর বাড়ানোর আগে যদি অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করা হতো তবে পরিস্থিতি আরও ভালো হতে পারত।"
এসময় তিনি ব্যবসায়ী ও ভোক্তা সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সঠিক তথ্য দিয়ে সরকারের সহায়তা করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমআর