প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩০ পিএম

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল শুক্রবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। রাত তিনটার দিকে তারা আহতদের খোঁজখবর নিতে সেখানে উপস্থিত হন।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত ওই ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
গতকাল রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় হামলায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। হামলার পর আহতদের প্রায় সবাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছেন, রাতেই খবর পান, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট চলছে। এই খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখেন, বাড়ির ভেতরে লুটপাট চলছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা শত শত মানুষকে জড়ো করেন। হামলার শিকার শিক্ষার্থীদের কয়েকজনকে ছাদে নিয়ে গিয়ে পেটানো হয়। শিক্ষার্থী আসার আগেই তাদেরও পেটানো হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, সকাল ১০টা পর্যন্ত ওই ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/এমআর