প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি অনুষ্ঠিত হয়। তবে তারা সশরীরে উপস্থিত ছিল না। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য আসামিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত। অপরদিকে, বিচারক অনুপস্থিত থাকায় জেলে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির শুনানিও হয়নি।
নারী ও শিশু ট্রাইবুনাল-১-এর সরকারি আইনজীবী মো. বদিউল আলম সুজন শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।তিনি আরও জানান, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তারা এজলাসে উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চুয়ালি চার্জ গঠন করা হয়।
শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার জানান, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি আশা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য যে কথা দিয়েছিলেন, সেই অনুযায়ী তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হবে। সেভাবেই বিচার কার্যক্রম চলবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এরপর ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।