প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৬৫ বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান সেক্টরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টায় শুরু হওয়া অভিযানটি বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে এবং ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
দীর্ঘ সময় তল্লাশির পর বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।