প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম

সংগৃহীত ছবি
কুমিল্লার দাউদকান্দিতে আগাম টমেটো চাষে সাফল্য পাচ্ছেন কৃষকেরা। মৌসুমের আগেই বাজারে টমেটো তুলে ভালো দাম পাওয়ায় এ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। পাঁচ বছর ধরে আগাম টমেটো চাষ করে আসছেন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকার কৃষক মো. শফিউল্লাহ। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই এলাকার অন্য কৃষকেরাও এ চাষে যুক্ত হচ্ছেন।
এ বছর ৭০ শতক জমিতে মহারাজ, মঙ্গল রাজা, এবং ওভার সাইজ জাতের টমেটো চাষ করেছেন শফিউল্লাহ। আগস্টের প্রথম সপ্তাহে চারা রোপণের পর এ পর্যন্ত তিন দফায় ফলন সংগ্রহ করেছেন। স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে প্রতি কেজি টমেটো ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছেন তিনি। আরও প্রায় তিন মাস ফলন সংগ্রহ ও বিক্রি করা যাবে বলে আশা করছেন এই কৃষক।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জমি থেকে সংগ্রহ করা টমেটো বাড়িতে এনে ঝুড়িতে বাছাই করছেন শফিউল্লাহ। এ কাজে তাঁর স্ত্রী, বাবা ও পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি কয়েকজন নারী শ্রমিকও সহযোগিতা করছেন।
শফিউল্লাহ বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে প্রতিবছর আগাম বাজার ধরার লক্ষ্য নিয়ে টমেটো চাষ করেন তিনি। আগের বছরগুলোতে ভালো ফলন ও লাভ পেয়েছেন। এ বছরও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। তবে ব্যাকটেরিয়াল উইল্ট রোগের আক্রমণে কিছুটা ক্ষতি হচ্ছে। নিয়মিত পরিচর্যা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই কৃষকদের প্রতি তাঁর পরামর্শ, অভিজ্ঞ কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা ছাড়া আগাম টমেটো চাষে না জড়ানোই ভালো।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, প্রতিবছর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আগাম টমেটো চাষ করেন শফিউল্লাহ। এ কারণে তিনি ভালো ফলন পাচ্ছেন। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও আগাম টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।
কৃষি কর্মকর্তা জানান, এ বছর ওই এলাকায় জাকির হোসেন, আলামিন ও কবির ৫০ শতক করে, নুরে আলম ৩০ শতক, শাহজাহান ২৫ শতক এবং সেলিম, সেলিম খান ও শহীদুল্লাহ ২০ শতক করে জমিতে আগাম টমেটো চাষ করেছেন। তাঁদের জমিতেও ভালো ফলন আসতে শুরু করেছে।
শামছ উদ্দিন বলেন, মৌসুমের আগেই বাজারে টমেটো সরবরাহ করা যায় বলে আগাম টমেটোর দাম তুলনামূলক বেশি পাওয়া যায়। তবে রোগবালাইয়ের ঝুঁকি মোকাবিলা ও ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের শুরু থেকেই কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ করা প্রয়োজন।