রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      ● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      ● দাউদকান্দিতে আগাম টমেটো চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা      ● ঝলমলে রোদের মধ্যেও তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা      
নওগাঁয় পেঁয়াজের দামে ধস, লোকসানে আবাদ কমানোর চিন্তায় কৃষক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁয় এ মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হলেও বাজারে টানা দরপতনে কৃষক ও ব্যবসায়ী উভয়ই লোকসানের মুখে পড়েছেন। বিগত বছরগুলোতে ভালো দাম পাওয়ায় অনেক কৃষক লাভের আশায় এবার আবাদ বাড়িয়েছিলেন, কিন্তু সরবরাহ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীরা।

উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজারমূল্য না পেলে আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমিয়ে দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন কৃষকরা। তাদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে পেঁয়াজের সামগ্রিক উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় লোকসান এড়াতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত রবি মৌসুমে নওগাঁর ১১টি উপজেলায় ৫ হাজার ৫৮০ হেক্টর জমিতে তাহেরপুরি জাতের পেঁয়াজ আবাদ হয়েছিল। এসব জমি থেকে ৭৪ হাজার ৪২০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার ৪১ হাজার ৬১০ টন স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও পেঁয়াজ সরবরাহ করেছেন কৃষকেরা।

পরবর্তী সময়ে বেশি দামে বিক্রির আশায় প্রায় ৫ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ বাড়িতে সংরক্ষণ করেছেন তারা। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, বীজ, চারা তৈরি, সার, সেচ, বালাইনাশক প্রয়োগ ও পেঁয়াজ উত্তোলনসহ গত মৌসুমে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নওগাঁ শহরের পাইকারি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি জাতের তাহেরপুরি পেঁয়াজ ২৬ টাকা থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা।

অন্যদিকে, কোল্ড স্টোরেজে সংরক্ষিত পেঁয়াজ মাত্র ২০ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় কৃষকরা তাঁদের উৎপাদন ও সংরক্ষণ খরচও তুলতে পারছেন না।কৃষকদের এই আর্থিক ক্ষতির কারণে স্থানীয় পাইকারি বাজার ও আড়তদারদের মাঝেও স্থবিরতা ও হতাশা তৈরি হয়েছে।

নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের কৃষক রেজাউল ইসলামের হতাশাও একই রকম। তিনি বর্গা নেওয়া এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন। আশা ছিল, ফসল বিক্রি করে বর্গার টাকা পরিশোধের পর কিছু লাভ থাকবে। কিন্তু বর্তমান বাজার দরে সেই আশা পূরণ হচ্ছে না।
রেজাউল ইসলাম বলেন, বর্গার টাকা, সার, বীজ, সেচ ও শ্রমিকের খরচ দেওয়ার পর হাতে কিছুই থাকছে না। এভাবে আবাদ করে লাভ না হলে আগামীতে পেঁয়াজ চাষ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

নওগাঁ শহরের পেঁয়াজের আড়তদার বেলাল হোসেন বলেন, এ বছর চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ জমিতে পেঁয়াজের আবাদ করেছেন কৃষকেরা। ফলে ভারতীয় পেঁয়াজ বাজারে না থাকলেও দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়নি। বরং মৌসুমের শুরু থেকেই সরবরাহ বেশি থাকায় দাম স্বাভাবিকের চেয়ে নিচে রয়েছে। গত বছর এ সময়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ টাকা পর্যন্ত উঠেছিল। এবার সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত উঠেছে। গত ২০ বছরের মধ্যে এটিই নওগাঁয় পেঁয়াজের সর্বনিম্ন বাজার দর বলে দাবি করেন তিনি।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, অনুকূল আবহাওয়া ও কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার কারণে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজ সংরক্ষণের সুবিধার্থে গত দুই বছরে কৃষি বিভাগের পক্ষ থেকে বেশ কিছু এয়ার ফ্লো মেশিন কৃষকদের দেওয়া হয়েছে। ভালো দাম পেতে কৃষকদের পরিপক্ব পেঁয়াজ সংরক্ষণ করে পরে বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close