মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে শ্রমিকদের স্বস্তি, অস্থিরতা কাটিয়ে সচল গাজীপুরের শিল্পাঞ্চল

সংগৃহীত ছবি
দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ ও শিল্পাঞ্চলজুড়ে অস্থিরতার পর অবশেষে স্বাভাবিক কর্মপরিবেশে ফিরেছে দেশের প্রধান রপ্তানি খাতের অন্যতম বৃহৎ কেন্দ্র গাজীপুর। সরকারের নতুন মজুরিকাঠামোকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকেরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দিনভর জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের শতভাগ স্বাভাবিক উপস্থিতিতে পুরোদমে উৎপাদন কার্যক্রম সচল ছিল। কোথাও নতুন করে কোনো আন্দোলন, বিক্ষোভ, সড়ক অবরোধ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে প্রাণচাঞ্চল্য এবং শ্রমিক, মালিক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শুধু কর্মস্থলে ফেরাই নয়, নতুন মজুরিকাঠামোকে স্বাগত জানিয়ে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচিও পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে শ্রমিকেরা সরকারের মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে গভীর সন্তুষ্টি প্রকাশ করে জানান, দীর্ঘদিনের দাবির পর এই বেতন বৃদ্ধি বর্তমান বাজারদরে পরিবার পরিচালনায় বড় ধরনের স্বস্তি এনে দেবে। একই সঙ্গে কারখানার চাকা সচল রাখা এবং নিজেদের কর্মসংস্থান ও জীবন-জীবিকা সুরক্ষিত রাখার স্বার্থে তারা এখন শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদনে মনোযোগী হতে চান।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার, টঙ্গীর সাতাইশ, গাজীপুরা এবং শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিকভাবে প্রবেশ করতে দেখা যায় ও উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলেছে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখে গাজীপুরের সাধারণ শ্রমিকেরা বলছেন বর্তমান বাজারদর, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বিবেচনায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত তাদের জীবনযাত্রায় স্বস্তি আনবে; যেমন-টঙ্গীর ভিয়ালাটেক্স কারখানার শ্রমিক বাবুল, খসরু ও ফাতেমা এবং নাজমা জানান, নতুন মজুরিতে তারা খুশি এবং আর কোনো আন্দোলন না চেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে এখন শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান, পাশাপাশি পোশাকশ্রমিক সোমা ও জোসনা আক্তার জানান আগে যে বেতন পেতেন তা দিয়ে বাড়িভাড়া ও বাজার খরচ মেটানো কঠিন হয়ে পড়েছিল। নতুন মজুরিকাঠামো কার্যকর হলে তারা স্বস্তি পাবেন।
শ্রমিকদের একটি বড় অংশের মতে, মজুরি বৃদ্ধি যেমন তাদের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন, তেমনি কারখানা সচল থাকাও তাদের জীবন-জীবিকার জন্য অপরিহার্য, কারণ কারখানায় উৎপাদন বন্ধ হলে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েন সাধারণ শ্রমিকেরাই।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে নিম্নতম মজুরি বোর্ডের ধারাবাহিক আলোচনা ও চার দফা বৈঠক শেষে গত বুধবার (২৫ নভেম্বর) ভোরে চারটি গ্রেডে নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়। যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা এবং সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় উৎপাদন ব্যাহত হওয়া এবং রপ্তানি কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে এখন শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে ফেরাকে শিল্পাঞ্চলের স্থিতিশীলতার ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকেরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কারখানায় যোগ দেওয়ায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। কারখানা ভালো চললে মালিক-শ্রমিক দুই পক্ষই ভালো থাকার পাশাপাশি দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।
অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের কাজে ফেরার ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়ানো এবং শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দা, শ্রমিক সংগঠনের নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের নতুন মজুরিকাঠামো নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রত্যাশা করছেন যে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো যথাযথভাবে বাস্তবায়িত হলে শ্রমিকদের আস্থা আরও বাড়বে। এই ইতিবাচক পরিস্থিতি ধরে রাখতে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পাঞ্চলে যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রোধে প্রশাসন, মালিক ও শ্রমিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।