বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল      ● ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি বেশি      ● দায়িত্ব পালনকালে আহত আনসারদের সুচিকিৎসায় ডিজির নির্দেশনা      ● বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● ফেনীর নতুন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন      ● কয়রায় আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● চুয়াডাঙ্গায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল      ● বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ      ● যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প      ● মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি      ● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      
২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই বছর পর আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই আসর অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কনমেবল ও উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে এবারের আসরে আসছে নতুন ফরম্যাট। নতুন এই কাঠামোয় দক্ষিণ আমেরিকার ১০টি দলের পাশাপাশি কনকাকাফ অঞ্চলের ছয়টি দল অংশ নেবে। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল; ২০১৬ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারলেও ২০২৪ সালে সেই যুক্তরাষ্ট্রেই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

নতুন ফরম্যাট অনুযায়ী, কনকাকাফ অঞ্চলের ছয়টি প্রতিনিধি দল বাছাই করা হবে ২০২৭ সালের গোল্ড কাপের ফলাফলের ভিত্তিতে, যা ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই গোল্ড কাপ থেকে ছয়টি দল কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে এবং এর মাধ্যমে কনকাকাফের সদস্য দেশগুলোর সামনে ফলাফলের ভিত্তিতে দক্ষিণ আমেরিকার এই প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হবে।

ইতিহাসে এর আগে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মোট আটটি দেশ কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দেশগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা; এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে টুর্নামেন্টের ফাইনালেও খেলেছিল।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেলতে গিয়ে সাম্প্রতিক সময়ে সাফল্যের স্মৃতি রয়েছে আর্জেন্টিনার। ২০২১ সালে ব্রাজিলের মাটিতে জেতা শিরোপা ধরে রাখতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিল লিওনেল স্কালোনির দল এবং ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন লাউতারো মার্তিনেজ, আর চোটের কারণে সেদিন বদলি হয়ে বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখতে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে।

তবে যুক্তরাষ্ট্রে সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা আর্জেন্টিনার জন্য ছিল মিশ্র। শিরোপা ধরে রাখার অভিযানে শেষ ষোলোতে মিসরকে এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হতে হয় তাদের।

সব মিলিয়ে ২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরছে কোপা আমেরিকা, যেখানে নতুন ফরম্যাটে কনমেবল ও কনকাকাফের মোট ১৬টি দল শিরোপার লড়াইয়ে নামবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close