প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার কয়রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টার দিকে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কয়রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
বক্তব্যে এম এ হাসান বলেন, দেশে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা সজাগ থাকবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সব সময় সতর্ক থাকবেন। সন্ত্রাস ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যাঁরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। অতীতে রাতের ভোট, আমি-ডামি নির্বাচন ও জোর করে ক্ষমতায় থাকার রাজনীতিরও সমালোচনা করেন তিনি।
শোভাযাত্রায় আরও বক্তব্য দেন কয়রা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন, থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ও আনারুল ইসলাম ডাবলু, আসাদুল ইসলাম এবং থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ।
এ সময় মাহমুদ হাসান, ইমরান হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।