মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৯ বছর পর স্বীকৃতি পেল দুঃখু মিয়ার স্কুল      ● সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা      ● জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন      ● দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ      ● ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রী পলাতক      ● নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়      ● ৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ      ● ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’      ● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      
১৯ বছর পর স্বীকৃতি পেল দুঃখু মিয়ার স্কুল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম

জন্ম থেকেই দুটি হাত নেই। তবুও অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন। চাকরি না পেয়ে নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেন শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর অবশেষে স্বীকৃতি ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বেঞ্চ পেলেন নরসিংদীর পাঁচদোনার দুই হাতবিহীন শিক্ষক ও উদ্যোক্তা আলতাব হোসেন দুঃখু মিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠিত ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’-এর প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের স্বীকৃতিপত্র ও বেঞ্চ তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আসার পর বিদ্যালয়টি এ স্বীকৃতি ও সহায়তা পেল।

২০০৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের স্বীকৃতির জন্য বিভিন্ন দপ্তরে বহুবার ঘুরেও কোনো সুফল পাননি প্রতিষ্ঠাতা দুঃখু মিয়া। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হলে অবশেষে স্বীকৃতি ও শিক্ষা উপকরণ পেল প্রতিষ্ঠানটি।

স্বীকৃতি ও বেঞ্চ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলতাব হোসেন দুঃখু মিয়া। তিনি বলেন, জন্ম থেকেই আমার দুটি হাত নেই। দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জনের পরও যখন কোনো চাকরি পাচ্ছিলাম না, তখন নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করি প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুল। এ বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের স্বীকৃতির জন্য অনেক দপ্তরে ঘুরেছি, কিন্তু কাজ হয়নি। এবার গণমাধ্যমের সহযোগিতায় জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেঞ্চও পেয়েছি। এতে আমি অত্যন্ত আনন্দিত ও সরকারের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, প্রতিভা দুঃখু মিয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই বড় নয়। মানুষ ইচ্ছা করলে সবকিছুই করতে পারে, তিনি তার প্রমাণ। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও দেশের কাজে এগিয়ে যেতে পারি।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, প্রতিভা দুঃখু মিয়া আমাদের গর্ব। নিজের ইচ্ছাশক্তি দিয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর বিদ্যালয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় উপকরণ দিয়েছি। শুধু এই প্রতিষ্ঠান নয়, জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও শিশুদের উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করেন।

দীর্ঘ ১৯ বছরের সংগ্রামের পর বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ায় দুঃখু মিয়ার পাশাপাশি আনন্দিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রাও। তাঁদের প্রত্যাশা, এবার সরকারি-বেসরকারি সহযোগিতায় আরও সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ পাবে বিদ্যালয়টি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close