মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ      ● ডিসেম্বরে পর্দা উঠছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’      ● ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী      ● শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে সরকার : ড. এম এ কাইয়ুম      ● দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস      ● ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি : ডিএমপি      ● শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব : হাসনাত      ● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      
৫০ বছরের দুর্ভোগ ঘোচাতে নারায়ণপুরে সেতু নির্মাণের উদ্যোগ
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি সেতুর অপেক্ষায় বছরের পর বছর পার করছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। নদী পারাপারে ছোট নৌকাই তাঁদের একমাত্র ভরসা। শিক্ষার্থী, কৃষক, রোগী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের নিত্যদিনের এই দুর্ভোগ এবার অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। একনেকে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্প অনুমোদনের পর নারায়ণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তীর নেতৃত্বে এলজিইডির কর্মকর্তারা নারায়ণপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় যান। তাঁরা প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান, নদীর দুই পাড়ের পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

গত ১৮ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ সেতু নির্মাণসংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ অনুমোদনের পর নারায়ণপুর এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নতুন গতি পেয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণপুর ইউনিয়নের নদীর ওপর সেতু না থাকায় প্রায় ৫০ বছর ধরে ৩০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইকরকান্দি বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকায় পারাপারের একমাত্র মাধ্যম ছোট নৌকা। ফেরাঙ্গীকান্দী, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি ও সূর্যমনিসহ অন্তত ১০ গ্রামের মানুষ প্রতিদিন এই পথে যাতায়াত করেন। নদীর দুই পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস থাকায় সেতুর অভাবে তাঁদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় ব্যবসায়ী জালাল উদ্দীন বলেন “ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে নদীর ওপারে যেতে প্রতিদিন নৌকার ওপর নির্ভর করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। এখানে একটি সেতু নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত, শিক্ষা ও চিকিৎসাসেবায় দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানের কাছে নদী পার হওয়া প্রতিদিনের এক কঠিন অভিজ্ঞতা। সে জানায়, প্রতিদিন নৌকায় করে স্কুলে যেতে হয়। কখনো নৌকার জন্য অপেক্ষা করতে হয়, আবার বৃষ্টির দিনে বই-খাতা ভিজে যাওয়ার ভয়ে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। নৌকাডুবির ঘটনায় শিক্ষার্থীদের আহত হওয়ার কথাও জানায় সে। তার প্রত্যাশা, সেতু নির্মাণ হলে নিরাপদে স্কুলে যেতে পারবে।

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী বলেন, নারায়ণপুরে সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। এ অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু হবে। দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হলে বদলে যাবে পুরো এলাকার যোগাযোগব্যবস্থা।

ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, নারায়ণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। এ সময় সেতু নির্মাণের উপযুক্ত স্থান, স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কারিগরি দিকগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা শেষে দাপ্তরিক নিয়ম অনুসরণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close