
সংগৃহীত ছবি
কোভিড মহামারির সময় ক্রিকেট বলে লালা ব্যবহার করে উজ্জ্বলতা ধরে রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ওয়েলিংটন টেস্টে ব্যাটারদের দাপটের বিপরীতে বোলারদের অসহায়ত্বের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
সোমবার পাঁচ দিনের লড়াই শেষে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম টেস্টটি নিষ্প্রাণ ড্র হয়েছে। ম্যাচে দুই দল মিলে উইকেট হারিয়েছে মাত্র ২৪টি। বিপরীতে দুই দলের সংগ্রহ দাঁড়ায় ১ হাজার ৩২৭ রান। ভারত নিজেদের একমাত্র ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এটিই ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সাধারণত গতি ও বাউন্সের জন্য পরিচিত ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট দ্বিতীয় দিনের সকাল থেকেই মন্থর হয়ে পড়ে। এতে ব্যাটারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন দুই দলের বোলাররা। শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান করার পর ড্র মেনে নেয় নিউজিল্যান্ড ও ভারত। তখনও শেষ দিনের খেলা বাকি ছিল ১৫ ওভার।
ম্যাচ শেষে বলের কার্যকারিতা ধরে রাখার সমস্যার কথা তুলে ধরেন গিল। তিনি বলেন, ‘বিশেষ করে এমন উইকেটে যদি বল উজ্জ্বল রাখা না যায় কিংবা বলের অবস্থা ঠিক রাখা সম্ভব না হয়, তাহলে বোলারদের কাজটা ভীষণ কঠিন হয়ে যায়।’
লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে নিজের অবস্থান জানিয়ে ভারতের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, খেলোয়াড় ও দলগুলোকে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। কোভিডের সময় এই নিয়ম চালু করা হয়েছিল। আমার মনে হয়, সেই সময় আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি। ২৫-৩০ ওভার পর যখন বল নরম হয়ে যায় কিংবা বলের আকৃতি নষ্ট হতে শুরু করে এবং একই সঙ্গে বলের অবস্থা ঠিক রাখার জন্য লালা ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে কাজটা ভীষণ কঠিন।’
তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তাঁর মতে, লালা ব্যবহারের নিয়ম পরিবর্তনের সম্ভাবনা কম। তিনি বলেন, ‘(আইসিসির) নিয়ম ও শর্তের বিষয়ে, বিশেষ করে লালা ব্যবহারের প্রসঙ্গে, বিশ্ব যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তাতে আমার মনে হয় না এই নিয়ম পরিবর্তন হবে।’
বর্তমান নিয়ম মেনেই বলের কার্যকারিতা ধরে রাখার ওপর জোর দেন ল্যাথাম। তিনি বলেন, ‘আপনাকে কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হবে। বর্তমান সময়ে ও প্রচলিত নিয়মের মধ্যে থেকে বলকে যতটা সম্ভব ভালো অবস্থায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি।’
সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে বল দ্রুত নরম হয়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এতে বলের উজ্জ্বলতা ধরে রাখা এবং সুইং আদায় করা বোলারদের জন্য কঠিন হয়ে পড়ছে। ওয়েলিংটনের শুষ্ক উইকেটে সমস্যাটি আরও প্রকট হয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। সেখানে কিউইদের চিরচেনা সবুজ ঘাসে ঢাকা পেস ও সুইং সহায়ক উইকেট পাওয়ার প্রত্যাশা করছেন দুই দলের অধিনায়ক।