প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি
পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’
মা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি।
সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা-এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি।’
মা হওয়ার এই সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, ১৪ বছরের পুরোনো বন্ধু তারা। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।
বলে রাখা যায়, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন এই তারকা।