শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরেছে শত শত ট্রলার      ● সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে যেতে পারছেন না জেলেরা, জীবিকা নিয়ে শঙ্কা      ● পাটিখালঘাটায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● পঞ্চগড় সীমান্তে পাচারের সময় ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ      ● ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি      ● মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত      ● শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ       ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু      ● ‘প্রয়োজনে আ.লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধন’      ● সাবেক এমপি-মেয়রের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি      ● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরেছে শত শত ট্রলার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়া ও আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পর মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরেছেন পটুয়াখালীর রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকার হাজারো জেলে। সাগরে মাছ ধরতে যেতে না পেরে কর্মহীন হয়ে পড়েছেন জেলেরা। অন্যদিকে, ট্রলার ঘাটে অলস পড়ে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ট্রলার মালিকরাও।

আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরতে থাকা ট্রলারগুলো উপকূলের বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে। বর্তমানে রাঙ্গাবালীর কোড়ালিয়া, মৌডুবী, চালিতাবুনিয়া ও চরমোন্তাজসহ বিভিন্ন মৎস্যঘাট ও খালের ভেতরে শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে রাখা হয়েছে। সরেজমিনে ঘাটগুলো ঘুরে দেখা যায়, সাগরে যাওয়ার অনুকূল পরিস্থিতি না থাকায় ট্রলার বেঁধে অলস সময় পার করছেন জেলেরা।

স্থানীয় জেলে ফয়সাল মৃধা ও রুবেল জানান, কয়েক দিন ধরেই সাগরের পরিস্থিতি ভালো নয়। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে জীবনের ঝুঁকি এড়াতে তীরে ফিরে এসেছেন তাঁরা। তবে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে সংসারের খরচ চালানো এবং মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের টাকা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।

সমুদাপদ খেয়া ঘাটে নোঙর করে থাকা জেলে রবিউল হাসান বলেন, ‘দুই দিন ধরে সাগর ও নদী উত্তাল থাকায় ঘাটেই বসে আছি। এভাবে বেশি দিন চলতে থাকলে সংসার চালাতে ধারদেনা করতে হবে।’

ট্রলার মালিক সজল মীর বলেন, ‘এ বছর আবহাওয়া তুলনামূলক বেশি খারাপ থাকায় আমাদের মতো ট্রলার মালিকদের ক্ষতি বেড়েছে। ট্রলার ঘাটে বসিয়ে রেখেও মাঝিমাল্লাদের বেতন দিতে হচ্ছে। এতে লোকসানের বোঝা আরও বাড়ছে।’

রাঙ্গাবালী ইউনিয়নের সামুদাপদ মৎস্য সমিতির সভাপতি জব্বার বলেন, ‘কয়েক দিন পরপর বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সব ট্রলার ঘাটে নোঙর করতে বাধ্য হচ্ছে। এতে জেলেদের আয় বন্ধ হয়ে যাচ্ছে এবং তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আমীর হামজা জানান, বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলারগুলো বর্তমানে ঘাটে অবস্থান করছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা আবারও সাগরে ফিরবেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলেদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সতর্কতার সঙ্গে চলাচল এবং পরবর্তী নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close