
সংগৃহীত ছবি
বনদস্যুদের হুমকি ও নিরাপত্তাহীনতায় প্রায় দুই মাস ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যেতে পারছেন না অনেক জেলে। এতে কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা। আয় বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম খাদ্যসংকটে দিন কাটছে তাঁদের। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন জেলে ও নৌকার মাঝিরা।
শনিবার সকাল ১১টার দিকে সুন্দরবনের কোলঘেষে গড়ে ওঠা দীপ ইউনিয়ন গাবুরায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০টি নৌকার মাঝি, জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে জেলে আবুল কালাম বলেন, সুন্দরবনই তাঁদের জীবিকার একমাত্র অবলম্বন। অথচ বনদস্যুদের ভয়ে তাঁরা বনে যেতে পারছেন না। ঝড়-বৃষ্টির মধ্যেও তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবুল কালাম। তিনি বলেন, ‘আমার তিনটা মেয়ে। তারা আমাকে আব্বু বলে ১০ টাকা চায়। কিন্তু আমি তাদের হাতে ১০ টাকা দিতে পারছি না।’ দ্রুত সুন্দরবন থেকে বনদস্যুদের নির্মূল করে জেলেদের নিরাপদে মাছ ধরার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।
জেলে বহাদ্দার আরিফুল ইসলাম বলেন, ২৫ জন জেলেকে নিয়ে তিনি সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করেন। তাঁদের উপার্জনের ওপর ২৫টি পরিবারের সদস্যরা নির্ভরশীল। কিন্তু প্রায় দুই মাস ধরে তাঁরা বনে যেতে পারছেন না। তাঁর অভিযোগ, বনদস্যুরা সুন্দরবন থেকে ফোন করে তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে এবং বনে যেতে নিষেধ করছে। মানববন্ধনে অংশ নেওয়ার পরও তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে।
আরিফুল বলেন, ‘আজ সকালে আমার বাচ্চা না খেয়ে কান্নাকাটি করেছে। আমার সঙ্গে থাকা ২৫ জনের প্রত্যেকের পরিবারে তিন-চারটি করে সন্তান আছে। তারা না খেয়ে থাকলে আমরা কী করব? সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এটাই আশা করি।’
আরেক জেলে ওমর ফারুক বলেন, মাছ-কাঁকড়া ধরেই তাঁদের সংসার চলে। কিন্তু বনে যেতে না পারায় খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমি সকালে খাইনি। এখনো রান্না হয়নি। সুন্দরবনে যেতে না পারলে আমরা কীভাবে বাঁচব?’
মানববন্ধনে বনদস্যু নির্মূল কমিটির সদস্য আশিকুর রহমান বলেন, রাসমেলা উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ ও প্রশাসন বিশেষ নজরদারি ও টহলের ব্যবস্থা করে। অথচ সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে-বাওয়ালিদের নিরাপত্তায় একই ধরনের উদ্যোগ দেখা যায় না। বংশপরম্পরায় সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করে যাঁরা জীবিকা নির্বাহ করেন, তাঁদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
এসময় সুন্দরবনে বনদস্যুদের হাতে আটক জেলেদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান আশিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা সুন্দরবনে দ্রুত অভিযান পরিচালনা, বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ তৈরির দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।