
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর, মাজার রোডে অবস্থিত সিদ্দিকে আকবার (রা.) মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং অভিভাবকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকে আকবার (রা.) মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া দত্তের হাটের শায়খুল হাদীস মুফতি আব্দুল জাব্বার কাসেমী।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি নুরুল আলম নোমানী ও মাওলানা হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও উত্তম চরিত্র গঠনের প্রতিও বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখা, তাদের আচার-আচরণ পর্যবেক্ষণ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। অভিভাবকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে শিক্ষার পরিবেশ আরও উন্নত ও মানসম্মত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উল্লেখ্য, সিদ্দিকে আকবার (রা.) মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক বালক ও বালিকা শাখা। পৃথক বালক শাখায় রয়েছে আন্তর্জাতিক মানের হিফযুল কোরআন বিভাগ, নূরানীর সমন্বয়ে স্পেশাল নাজেরা বিভাগ, কিতাব বিভাগ। পৃথক বালিকা শাখায় রয়েছে, প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি (নূরানী কিন্ডারগার্টেন), ৪র্থ শ্রেনি থেকে ৮ম শ্রেণি, উচ্চ মাধ্যমিক টাইটেল (দাওরা হাদীস) পর্যন্ত। এছাড়াও বিশেষ সুবিধা হিসেবে হিফজ ছাত্রদেরকে হিফজের পাশাপাশি শ্রেণি কার্যক্রম ও বোর্ড পরাইক্ষায় অংশগ্রহণ করানো হয়।
এ সময় উপস্থিত অভিভাবকরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি