প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম

ঝালকাঠির দুই বিচারক হত্যার একুশ বছর পূর্ণ হলো আজ ১৪ নভেম্বর। ২০০৫ সালের এই দিনে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ঝালকাঠির তৎকালীন দুই বিচারক। দিনটি উপলক্ষে আজ শনিবার শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে নিহতদের স্মরণ করেছে ঝালকাঠি জেলা জজশিপ।
শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চাঁদকাঠিতে অবস্থিত নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে সমবেত হয়।
পরে সেখানে শহীদ বিচারকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বিচারকবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে আদালতে যাওয়ার পথে তৎকালীন ঝালকাঠির বিচারক সোহেল আহমদ ও জগন্নাথ পাঁড়েকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই তাঁরা শহীদ হন। পরবর্তীতে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিদের আইনের আওতায় আনা হলে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসির রায় কার্যকর করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি