প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ AM

কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় সাত মাস আগে শিশুটিকে মাদ্রাসায় ভর্তি করা হয়। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরে সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ত এবং একপর্যায়ে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। পরিবারের দাবি, শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া ও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিত। সম্প্রতি গ্রামের বাড়িতে গিয়ে সে দাদির কাছে নির্যাতনের কথা জানায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে বিষয়টি জানতে চান। একপর্যায়ে স্থানীয়রা তাঁকে মারধর করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি রয়েছে। পরীক্ষার ও পর্যবেক্ষণের পর নির্যাতনের বিষয়ে বিস্তারিত বলা সম্ভব বলে জানান তিনি। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি