প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার মনজুরুল আলম বাবুর ছেলে মো. রাফি (২০) ও জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩ নম্বরের মোটরসাইকেলটি নিয়ে ওই দুই আরোহী ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।