
সংগৃহীত ছবি
পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ। এ রুটে নতুন সংযোজন হিসেবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে।
প্রাথমিকভাবে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার নির্ধারিত তারিখের ১০ দিন আগে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, পাবনা থেকে ঢাকা নন-এসি আসনের ভাড়া ৩২৫ টাকা, এসি চেয়ার ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসনের ভাড়া ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে একটি উদ্বোধনী বিশেষ ট্রেন ছেড়ে যাবে। এ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। আগ্রহীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। উদ্বোধনী বিশেষ ট্রেনটি পথে কেবল ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।
নিয়মিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ৩টা ২৫ মিনিটে। নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালুর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তার উদ্যোগ ও প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রত্যাশিত এ রেল যোগাযোগ বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে ১৯ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ৫ নভেম্বর রাত ৮টায় পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে নাগরিক কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় ম্যানেজার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন