বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়      ● পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন      ● প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!      ● ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান      ● ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন      ● ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন      ● আদালত চত্বরে মেজাজ হারিয়ে ‘গালিগালাজ’ করলেন পরীমণি      ● ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি      ● আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প      ● আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন      ● পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক      
সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেই উত্তেজনারই দেখা মিলল। ম্যাচের বেশির ভাগ সময় আধিপত্য বিস্তার করে ৩-০ গোলে এগিয়ে থাকা ভারত শেষ দিকে পাকিস্তানের দুই গোলে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের হয়ে জোড়া গোল করেন সুহাইল আহমেদ ভাট। অন্য গোলটি করেন এম. কিপগেন। পাকিস্তানের হয়ে যোগ করা সময়ে গোল দুটি করেন নাজিব উল্লাহ ও এ. গাজী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তৃতীয় মিনিটেই সুযোগ তৈরি করেন দুই সুহাইল। চতুর্থ মিনিটে প্রথম কর্নারও আদায় করে নেয় দলটি। ১৩ মিনিটে এগিয়ে যায় ভারত। উইং থেকে মুহাম্মদ সুহাইলের নিচু ক্রস বক্সে পেয়ে হেডে বল জালে পাঠান সুহাইল আহমেদ ভাট। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপনও করেন তিনি।

এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভাট। রিকির দারুণ থ্রু পাস ধরে পাকিস্তানের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন মোহনবাগানের এই ফরোয়ার্ড। ১৯ মিনিটেই স্কোরলাইন দাঁড়ায় ২-০। ৩২ মিনিটে ভারতের তৃতীয় গোলটি আসে। নুফালের বাড়ানো বল ধরে এগিয়ে যান পাঞ্জাব এফসির মিডফিল্ডার এম. কিপগেন। পাকিস্তানের গোলরক্ষক এগিয়ে এসেও গোল ঠেকাতে পারেননি।

৩৫ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল পাকিস্তান। পেনাল্টি আদায় করলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয় দলটি। শায়াক দস্তের নেয়া শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

প্রথমার্ধের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ভাট। তবে ৩৮ মিনিটে নুফালের ক্রস থেকে পাওয়া বল লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ভারতের ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায়। বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল ভারত। ৫০ মিনিটে মুহাম্মদ সুহাইলের সঙ্গে দারুণ বোঝাপড়ায় সুযোগ তৈরি করেন ভাট। তবে শেষ মুহূর্তে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ায় গোলের সুযোগ নষ্ট হয়।

৫৮ মিনিটে চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন পাকিস্তানের আবদুল রহমান। ৬০ মিনিটে ভারতের কোচ নওশাদ মুসা একসঙ্গে দুই পরিবর্তন আনেন। মাঠ ছাড়েন দুই সুহাইল, তাদের জায়গায় নামেন ফারুখ ও এবিন্দাস। ফলে ভাটের হ্যাটট্রিকের সম্ভাবনাও শেষ হয়ে যায়।

ম্যাচের বাকি সময়েও ভারত বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। কিন্তু যোগ করা সময়ে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনে পাকিস্তান।

৯০ মিনিটে জুনাইদের ক্রস থেকে দারুণ হেডে ব্যবধান কমান নাজিব উল্লাহ। এর মাত্র কয়েক মিনিট পর ৯০ মিনিটের বেশি সময়ে দুর্দান্ত ভলিতে ভারতের জালে বল পাঠান এ. গাজী। মুহূর্তেই স্কোরলাইন ৩-২। শেষ কয়েক মিনিটে ম্যাচে ফেরার আশা জাগে পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত আর সমতাসূচক গোল পায়নি তারা। ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি-তে তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল ভারত। তবে শেষ দিকে দুই গোল হজম করায় গোল ব্যবধানের সুবিধা কিছুটা কমেছে বর্তমান চ্যাম্পিয়নদের। ভারতের পরবর্তী প্রতিপক্ষ মালদ্বীপ। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে সেই ম্যাচে হার এড়ানোর লক্ষ্য থাকবে নওশাদ মুসার দলের।

উল্লেখ্য, টুর্নামেন্টে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ বি-তে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে। অন্যদিকে গ্রুপ এ-তে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close