প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজ দল। ঢাকা টেস্ট জয়ের পর চলমান সিলেট টেস্টেও সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের হয়ে সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গো। আর তাকে নিয়েই প্রচলিত ছিল, জাঙ্গোর মা বাংলাদেশি। তবে এমন কথা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই ক্যারিবীয় ক্রিকেটার।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের মায়ের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে জাঙ্গো বলেন, 'একদমই না। খবরটি পুরোপুরি ভিত্তিহীন। আমরা ত্রিনিদাদিয়ান।'
পরে নিজেদের লক্ষ্য নিয়ে জাঙ্গো বলেন, 'আমাদের লক্ষ্য ছিল ৪০০ রানের বেশি করা। সেদিক থেকে বলতে গেলে আমরা কিছুটা হতাশ। তবে বাংলাদেশ আসলেই চমৎকার বোলিং করেছে। আমরা জানতাম দ্বিতীয়দিন নতুন বলটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দুর্ভাগ্যবশত আজ ইনিংসটা বেশিদূর টানা সম্ভব হয়নি। তারপরও ৩৫০-এর বেশি রান পাওয়ায় আমরা খুশিই থাকব। এখন আগামীকালের দিকেই নজর রাখছি।'
ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। বাংলাদেশকে আটকানো নিয়ে জাঙ্গো বলেন, 'আমি বলব ২৫০ রানের নিচে (আটকে দিতে চাই)। তবে উইকেট ধীরে ধীরে ব্যাটিংবান্ধব হয়ে আসছে।'
'আগামীকাল আমাদের জন্য লড়াইটা সহজ নাও হতে পারে, ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। তবে আমাদের মূল কাজ হবে ধারাবাহিকভাবে চাপ বজায় রাখা। বেশি কিছু করতে গিয়ে লাইন-লেংথ হারালে চলবে না, কারণ ওরা দ্রুত রান তুলতে পারে। তাই আমাদের ধৈর্য ধরে বোলিং করে যেতে হবে। আশাকরি দ্রুতই উইকেটের দেখা পাব।'