প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান কাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
এদিন বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) রাশেদ মিজান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
অন্যদিকে, সংসদের সংরক্ষিত নারী আসনের (৩২৩ নম্বর আসন) উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সোমবার তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ইসি। গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।