
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান এবং ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কালুখালী উপজেলার সেভ দ্য হাঙ্গরি (সাথী) ও সালেহা সামাদ হেলথ সার্ভিসেস চত্বরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. এস. এম. আবু হোসাইন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. কমল কুমার দাস, কালুখালী ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম, কে এম শওকত আলী খান (মাস্টার) এবং কালুখালী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মো. নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি দিনব্যাপী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বিশেষ উদ্যোগ হিসেবে তিনজন অসহায় ও দরিদ্র ডেঙ্গু রোগীকে বিনামূল্যে সিবিসি (CBC) ও ডেঙ্গু পরীক্ষা করানো হয়।
বক্তারা বলেন, একটি দক্ষ ও সচেতন যুবসমাজই পারে দেশকে এগিয়ে নিতে। যুবকদের শুধু কর্মসংস্থানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেভ দ্য হাঙ্গরি (সাথী) ও সালেহা সামাদ হেলথ সার্ভিসেসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কালুখালী, রাজবাড়ী।