প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম

ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়ায় আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকেরা অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুরে নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ পরিস্থিতিতে নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকদের দাবি, রোববার নিউ এইজ কারখানার দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। তবে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ওই কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার আশুলিয়ার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে সাভারের পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি