প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

নাটোরের গুরুদাসপুরে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন। উপজেলায় এবার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬২৪ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন। উপজেলায় পাসের হার ৪১ দশমিক ৫৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ কম।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্স কলেজ, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ, নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য ইনস্টিটিউট। এসব প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ২৩, ৩, ২, ২৩ ও ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে চলনবিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্স কলেজ এমপিওভুক্ত হলেও বাকি চারটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়।
বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ বলেন, তাঁদের প্রতিষ্ঠানে সাধারণ ও ভোকেশনাল—দুটি শাখা চালু রয়েছে। সাধারণ শাখার শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার কারণ হিসেবে শ্রেণিকক্ষে অনুপস্থিতিকে দায়ী করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানান, পাঁচটি প্রতিষ্ঠানের শূন্য পাসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এবার গুরুদাসপুরে ভোকেশনাল শাখায় ২৬৮ জনের মধ্যে পাস করেছেন ৪৯ জন; পাসের হার ১৮ দশমিক ২৮ শতাংশ। আলিম শাখায় ৫৫ জনের মধ্যে পাস করেছেন ১৮ জন; পাসের হার ৩২ দশমিক ৭২ শতাংশ। এ দুই শাখায় যথাক্রমে ২১৯ ও ৩৭ জন অকৃতকার্য হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি