প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ AM

বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার একটি মোবাইল অ্যাপে হঠাৎ রাশিয়ার বাসিন্দাদের ফোনে ভেসে ওঠে পারমাণবিক হামলার সতর্কবার্তা। বার্তায় দাবি করা হয়, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার সব অঞ্চলের দিকে ছোড়া হয়েছে। বাসিন্দাদের তিন সপ্তাহের খাবার মজুত করে আত্মগোপনে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার অ্যাপেও এ ধরনের অস্বাভাবিক বার্তা দেখা যায়। তবে এটি ছিল ভুয়া সতর্কবার্তা, যা হ্যাকিংয়ের মাধ্যমে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপ হ্যাক হওয়ার ঘটনায় দেশটির জনসাধারণকে সতর্ক করার মূল ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। সাইরেন, মাইক, এসএমএস এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে সতর্কবার্তা দেওয়ার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অ্যাপটি কেবল অতিরিক্ত তথ্যসেবা হিসেবে ব্যবহৃত হয়। এর স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/এস পি