প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ AM

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। সংঘর্ষের মধ্যে আশুলিয়ার শারমিন গ্রুপ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছেন। তিনি আরও জানান, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিকেরা হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছেন।
এদিকে একই দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এবং ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর আগে সরকার পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি