প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ AM আপডেট: ০২.১১.২০২৬ ১১:৫৩ এএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবি, শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যান চলাচল স্বাভাবিক করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা কাজ করছেন।
এর আগে রোববার একই দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি কারখানার ফটক ও পুলিশ বক্স ভাঙচুর করা হয় এবং আনসার একাডেমির সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। পরে আন্দোলন আশপাশের শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভের মুখে প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি