| শিরোনাম: |

ফাইল ছবি
শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এসব প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।
তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, মাহবুব মোর্শেদ টিপু মাদবর এক দিনে গড়ে ওঠা কোনো রাজনৈতিক নেতা নন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা বাধা-বিপত্তি ও নির্যাতন সহ্য করেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি টিপু মাদবর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং জিয়া পরিবারের প্রশ্নে তিনি বরাবরই আপসহীন অবস্থান বজায় রেখেছেন। শরীয়তপুরের তৃণমূল পর্যায়ে তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি ও সমর্থকগোষ্ঠী। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করা সম্ভব নয় বলেও দাবি তাঁদের।
তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে জানান তাঁর সমর্থকরা। তাঁদের মতে, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় পর্যায়েও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।
তাঁরা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। দলের কঠিন সময়েও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।
সম্প্রতি তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, সেগুলোর উদ্দেশ্য তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা বলে অভিযোগ করেছেন অনুসারীরা। তবে তাঁদের বিশ্বাস, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, জনসম্পৃক্ততা ও তৃণমূলের সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।
এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তাঁর সমর্থকরা। তাঁরা বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।