প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো: হেলাল উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দুপুরে ওই মাদক কারবারিকে আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানা পুলিশ।
গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁদিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের নিকটবর্তী বিআইডব্লিউটিএর টোলঘরের দক্ষিণ পাশে ধুতরাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেলাল উদ্দিনের দেহ তল্লাশি করে ২০টি নীল রঙের পলিপ্যাকে লুকিয়ে রাখা মোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার (১ লা নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ হেলালকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।