প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও সার্বিক পরিবেশের খোঁজ নেন মন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জন অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে এবং পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এ সময় মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিকল্পনার মধ্যে রয়েছে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি ও নবজাতকদের জন্য পৃথক ২০ শয্যার ওয়ার্ড, ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালু। আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিকল যানবাহন কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ দেন। আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি