প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চকিরবিল-সংলগ্ন সড়কের পাশে তালের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন।
কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছসহ উপকারী বৃক্ষ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, সবুজ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা জরুরি। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মির্জা আবু বাছেদ, পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বিএসসি, পুংগলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক।
এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। তাঁদের অংশগ্রহণে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে বৃক্ষরোপণ ও প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করবে। তবে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ