প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন বিবিরবাজার বিওপির শাহাপুর পোস্টের টহল দল এসব অস্ত্র উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক সকাল ৮টার দিকে শাহাপুর পোস্টের টহল দল সীমান্ত শূন্যলাইন থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অস্ত্রটি কীভাবে এবং কার মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, অস্ত্র-মাদকসহ সব ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র ও চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি