প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির অভিযানে লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়। তলুইগাছা বিওপির অভিযানে শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির অভিযানে মসজিদ মোড় এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির অভিযানে আমতলা এলাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির অভিযানে কাঁদপুর এলাকা থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।
সব মিলিয়ে পাঁচটি অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি