প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম

সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে নতুন প্রস্তাব উঠেছে। প্রস্তাব অনুযায়ী, ১০৫ সদস্যের উচ্চকক্ষে ৫০ জন নির্বাচিত হবেন সংসদীয় আসনের অনুপাতে, ৫০ জন ভোটের অনুপাতে এবং বাকি পাঁচজনকে মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি। এতে সরকার ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সাড়ে ছয় ঘণ্টার বৈঠকে উচ্চকক্ষের স্পিকারের নেতৃত্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাবও আসে। এ ক্ষেত্রে সংবিধানে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি, উচ্চকক্ষের স্পিকারকে ওই পদে রাখা এবং সরকার ও বিরোধী দলের সম্মতিতে অন্য উপদেষ্টা নিয়োগের কথা বলা হয়েছে। একই সঙ্গে নিম্নকক্ষের মেয়াদ চার বছর ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, প্রস্তাবগুলো বিবেচনা করা যেতে পারে, তবে আলোচনা শেষ না হওয়ায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক নিয়োগ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং সংসদীয় কমিটির ক্ষমতা নিয়েও আলোচনা হয়। কমিটির আমন্ত্রণে ৬০ জনের মধ্যে ৪৪ জন উপস্থিত ছিলেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী চায় ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন।
স্বদেশ প্রতিদিন/এস পি