| শিরোনাম: |

পটুয়াখালীর বাউফলে ফেসবুকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে পোস্ট ও মন্তব্য করাকে কেন্দ্র করে শওকত হোসেন (৩০) নামের এক মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম শাকিলকে (২৮) আটক করেছে বাউফল থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শওকতকে কুপিয়ে জখম করা হয়। পরে একই দিন সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রাম থেকে অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশ।
জানা গেছে, শওকত হোসেন নিজ বাড়ির আঙিনার পুকুরে মাছ চাষ করেন। অন্যদিকে, অভিযুক্ত ইমাম শাকিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি ধর্মীয় একটি বিষয় নিয়ে শওকতের করা ফেসবুক পোস্টে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন শাকিল। এর প্রতিক্রিয়ায় শওকত তাঁকে ওই পোস্টে এমন মন্তব্য না করার অনুরোধ জানান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মুঠোফোনে শওকতকে হুমকি দেন শাকিল।
বৃহস্পতিবার দুপুরে বাউফল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শওকতকে দেখতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন শাকিল বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন শওকতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইমাম শাকিলকে আটক করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত ইমাম শাকিলকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ