| শিরোনাম: |

জামালপুরের সরিষাবাড়ীতে ছিনতাইকারীর কবলে পড়ে চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূ সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে এবং সাকের আলীর স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ তাঁর ছেলের বাসা টাঙ্গাইলের ভূঞাপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজিতে রওনা হন। পথিমধ্যে সিএনজিটি নলিন বাজার এলাকা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা হঠাৎ করেই গৃহবধূর সঙ্গে থাকা সাইড ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।
ছিনতাইকারীদের টানে নিজের ভারসাম্য ঠিক রাখতে না পেরে চলন্ত সিএনজি থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন তিনি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সড়কপথে ছিনতাইকারী চক্রের দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ