প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:০৫ পিএম

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, ফাইনালের টিকিট পেতে রান রেটের হিসাবও মেলাতে হবে তাওহীদ হৃদয়দের। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর রান রেটে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে ১৫৮ রানে হেরে যাওয়ায় ফাইনালের লড়াইয়ে বাংলাদেশের সামনে এখনো সুযোগ রয়েছে।
বর্তমানে এক ম্যাচে এক জয় নিয়ে রান রেটে সবার ওপরে আফগানিস্তান। তাদের রান রেট ৩.১৬০। দুই ম্যাচে একটি জয় ও একটি হার নিয়ে জিম্বাবুয়ের রান রেট –০.৫৯০। অন্যদিকে, এক ম্যাচে হেরে বাংলাদেশের রান রেট –১.৯৮০। ফলে ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি রান রেটের ব্যবধানও কমাতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ আগে ব্যাটিং করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। আর রান তাড়া করতে নামলে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। যেমন, আফগানিস্তান ৩০০ রান করলে ৩০১ রানের লক্ষ্য ৪২.২ ওভারের মধ্যে তাড়া করতে হবে। তারা ২৫০ রান করলে ২৫১ রানের লক্ষ্য পূরণ করতে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আর আফগানিস্তান ১০০ রানে অলআউট হলে বাংলাদেশকে ৩৭.৩ ওভারের মধ্যে জিততে হবে। সব মিলিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ব্যাটিংয়ে দ্রুত রান তোলা এবং বোলিংয়ে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখাই হবে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ।
স্বদেশ প্রতিদিন/এস পি